শুরুতে কাগিসো রাবাদার পেস আক্রমণে মাত্র ২২ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামলে দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তাওহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি ও লিটন দাসের অপরাজিত ৯২ রানের ইনিংসে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের উদ্বোধনী দিনে ব্যাট হাতে এই প্রতিরোধ গড়েন হৃদয় ও লিটন। দিন শেষে ১৩৭ রানে অপরাজিত ছিলেন হৃদয় এবং তার সাথে ক্রিজে থাকা লিটনের সংগ্রহ ৯২ রান। শুরুতে রাবাদার তোপে দিশেহারা হয়ে পড়লেও তাদের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাবাদা। ৫১ রান খরচায় ৫ উইকেট তুলে নেন তিনি। টেস্ট সিরিজের প্রথম বলেই মাহফিজুল ইসলামকে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে নিজের শিকারের খাতা খোলেন এই পেসার।
এরপর দ্বিতীয় ওভারে মুমিনুল হককে আউট করেন রাবাদা। নিজের পরের আঘাতে বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে তখন চরম চাপে পড়ে বাংলাদেশ।
সেই পরিস্থিতিতে তানজিদ হাসান ও তাওহিদ হৃদয় প্রতিরোধ গড়েন। দুজনের ব্যাটে আসে গুরুত্বপূর্ণ ৯৯ রানের জুটি। তবে নিজের দ্বিতীয় স্পেলে ফিরে এই জুটি ভাঙেন রাবাদা। ৬৭ রান করা তানজিদকে সাজঘরে ফেরানোর পর পরের বলেই মুশফিকুর রহিমকে আউট করেন তিনি। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৮তমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার এই পেসার।
১২১ রানে ৫ উইকেট হারিয়ে আবারও বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর হৃদয়ের সাথে জুটি বাঁধেন লিটন দাস। দুজনের দৃঢ়তায় আর কোনো বড় বিপর্যয়ে পড়তে হয়নি দলকে। বরং তাদের ব্যাটিংয়ে ম্যাচের চিত্রই পালটে যায়।
দিন শেষে নিজের বোলিং ও দলের পারফরম্যান্স নিয়ে হতাশার কথা জানিয়েছেন রাবাদা। ব্যস্ত সূচি, অস্ট্রেলিয়া সিরিজের ধকল এবং জোহানেসবার্গের গরমের কারণে ম্যাচের চ্যালেঞ্জ বেড়েছিল বলে স্বীকার করেন তিনি। তবে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাননি তারা।
রাবাদার মতে, ওয়ান্ডারার্সে বোলিং করতে হলে ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল ফেলতে হয়। কিন্তু বাংলাদেশকে চাপে রাখার মতো বোলিং করতে পারেননি তারা। বিশেষ করে পুরোনো বলে জুটি ধরে বোলিং, ডট বল তৈরি এবং উইকেট নেওয়ার সুযোগ তৈরিতে ঘাটতি ছিল।
তিনি বলেন, ‘ওয়ান্ডারার্স বোলিং করার জন্য সহজ জায়গা নয়। আপনি যদি আপনার লেংথ মিস করেন বল শর্ট বা ফুল যাই হোক না কেন আপনাকে শাস্তি পেতেই হবে। আমার মনে হয় না আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে জুটি বেঁধে বোলিং করতে পেরেছি। অথচ ওয়ান্ডারার্সে ঠিক এটাই করার প্রয়োজন হয়। সম্ভবত আমরা এখানে-সেখানে তাদের হাত খুলে খেলার সুযোগ দিয়েছি এবং বিশেষ করে পুরোনো বলে পর্যাপ্ত ডট বল বা উইকেট নেওয়ার মতো বল করতে পারিনি। আমি বলব না যে আমরা এতে পুরোপুরি খুশি। তবে এই মুহূর্তে আমরা যে অবস্থানে আছি, সেখান থেকে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’
প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর পর এখন বড় সংগ্রহের পথে এগোতে চাইবে বাংলাদেশ। অন্যদিকে প্রথম দিনেই পাওয়া পাঁচ উইকেটের পরও ম্যাচে নিয়ন্ত্রণ হারানো দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনে দ্রুত উইকেট তুলে নেওয়ার চেষ্টা করবে।



