বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে নৌমাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) ইরানের নৌবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পৃথক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের বরাতে এ তথ্য উঠে জানিয়েছে খালিজ টাইমস।
আইআরজিসির নৌবাহিনীর দাবি, হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে দুটি তেলবাহী ট্যাংকার রাডার ও অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ রেখে গোপনে চলাচলের চেষ্টা করছিল। অনুমোদনহীন পথ দিয়ে প্রণালী অতিক্রমের সময় নৌমাইনের সঙ্গে সংঘর্ষে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
শনিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, অনুমোদিত নৌপথ এড়িয়ে চলাচলের কারণেই ট্যাংকার দুটি দুর্ঘটনার কবলে পড়ে।
অন্যদিকে, ইরানের নিয়মিত নৌবাহিনী পৃথক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীর পূর্বদিকে আরও একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটি অনিরাপদ ও নিষিদ্ধ জলসীমা দিয়ে চলাচল করছিল। এ সময় সেটির অবস্থান শনাক্তকরণ ও পরিচয় শনাক্তকারী ব্যবস্থাও বন্ধ ছিল বলে দাবি করা হয়েছে।
নৌবাহিনীর তথ্য অনুযায়ী, মাইনের আঘাতে তৃতীয় ট্যাংকারটিতেও আগুন ধরে যায়। পরে জাহাজটি চলাচল বন্ধ করতে বাধ্য হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত তিনটি জাহাজের নাম কিংবা কোন দেশের পতাকাবাহী, সে বিষয়ে ইরানি কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে ক্ষতিগ্রস্ত দুটি জাহাজের একটি ছিল বিশাল আকারের তেলবাহী সুপারট্যাংকার।


