...|...|...

বিশ্ব

হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৭ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:১১
Shares
হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী ও এর আশপাশের এলাকায় পৃথক ঘটনায় দুটি তেলবাহী ট্যাঙ্কার ‘অজ্ঞাত কোনো বস্তু’ বা প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল ঘিরে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে এ হামলার ঘটনা ঘটল। সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউকেএমটিও জানিয়েছে, প্রথম ট্যাঙ্কারটি হরমুজ প্রণালী থেকে বেরিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি বস্তুর আঘাতের শিকার হয়। এতে জাহাজটিতে ছোটখাটো অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং জাহাজটি আবার যাত্রা শুরু করতে সক্ষম হয়।

ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। তবে জাহাজটি কোথা থেকে এসেছিল বা এর গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে তথ্য প্রকাশ করা হয়নি।

এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বাঞ্চলে অপর একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারও ‘অজ্ঞাত কোনো বস্তুর’ আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ইউকেএমটিও জানিয়েছে, ওই জাহাজের সব নাবিক ও কর্মী নিরাপদে আছেন এবং সেখানেও পরিবেশগত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালী এখন উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

তেহরানের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়া এবং অনুমোদন ছাড়া প্রণালী অতিক্রমের অভিযোগে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের তেল রপ্তানি বন্ধ করার লক্ষ্যে দেশটির বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন।