কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে মার্কিন ড্রোনটি ধ্বংস করা হয়েছে। এ নিয়ে মোট ৫৮টি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করল তেহরান।
শনিবার (২১ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীর আকাশে নজরদারি চালানোর সময় মার্কিন ড্রোনটির উপস্থিতি শনাক্ত করে তাদের মহাকাশ ও বিমানবাহিনী। পরে নতুন ধরনের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটির গতিবিধি পর্যবেক্ষণ করে সেটিকে লক্ষ্যবস্তু করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, আকাশসীমায় অনুপ্রবেশকারী চালকবিহীন বিমান প্রতিহত করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। সর্বশেষ ঘটনাসহ ইরানের হাতে ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোনের সংখ্যা ৫৮টিতে পৌঁছেছে বলে দাবি করেছে আইআরজিসি।
হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব তুলে ধরে আইআরজিসি জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই জলপথের আকাশে যেকোনো সামরিক তৎপরতা পর্যবেক্ষণ করা ইরানের সশস্ত্র বাহিনীর অন্যতম দায়িত্ব। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের নজরদারি ও প্রতিরক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।


