হরমুজ প্রণালীর পশ্চিম অংশ থেকে যুক্তরাষ্ট্রের একটি ‘গুপ্তচর ও প্রতারণামূলক’ ড্রোন অক্ষত অবস্থায় নিজেদের দখলে নেওয়ার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-এর বরাতে আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।
আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটের বিশেষজ্ঞরা সফলভাবে অভিযান চালিয়ে হরমুজ প্রণালীর পশ্চিম দিক থেকে মার্কিন সন্ত্রাসী বাহিনীর একটি ‘গুপ্তচর ও প্রতারণামূলক’ ড্রোন নিরাপদে মাটিতে নামাতে সক্ষম হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পারস্য উপসাগরের উপকূলীয় অঞ্চল এবং হরমুজ প্রণালীতে অবস্থিত ইসলামিক রিপাবলিক অব ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর অবস্থান শনাক্ত করাই ছিল এই ড্রোনের মূল মিশন।
আইআরজিসির নৌবাহিনীর বিশেষজ্ঞরা উড়োজাহাজটি থেকে সংগৃহীত ডেটা ও তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছেন যে, এই ড্রোনটির উড্ডয়নের মূল উৎস ছিল পারস্য উপসাগরের দক্ষিণ তীরের যেকোনো একটি দেশের উপকূলীয় এলাকা।
উল্লেখ্য, এর আগে হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলীয় আকাশে আরও একটি ‘এমকিউ-১’ মডেলের ড্রোন ভূপাতিত করার ঘোষণা দিয়েছিল আইআরজিসি।


