...|...|...

বিশ্ব

হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২২
Shares
হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করল ইরান

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির দাবি, নিজেদের তৈরি নতুন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে মার্কিন ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে (গ্রিনিচ মান সময় সকাল ১১টা) হরমুজ প্রণালীর কেশম দ্বীপের আকাশে মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়। এ অভিযানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করা হয়েছে।

আইআরজিসির দাবি, ভূপাতিত ড্রোনটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এমকিউ-১ পরিবারের একটি নজরদারি ও হামলায় সক্ষম চালকবিহীন আকাশযান। ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সামরিক অভিযানের কাজে ব্যবহারের উপযোগী ছিল।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আরও দাবি করেছে, এ নিয়ে তারা যুক্তরাষ্ট্রের এমকিউ-১ পরিবারের মোট ১৭টি ড্রোন ভূপাতিত করেছে।

এ ঘটনাকে প্রতিপক্ষের গোয়েন্দা নজরদারি অভিযানের আরও একটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি।

তবে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।