কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করার সময় সমুদ্রমাইন বা মাইন বিস্ফোরণের কবলে পড়ে দুটি বিশাল তেল ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‘অনুমোদিত নয়’ এমন গোপন রুট দিয়ে মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় প্রণালীটি পার হওয়ার চেষ্টাকালে এই ঘটনা ঘটে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
শুক্রবার (৬ নভেম্বর) ইরানি সংবাদমাধ্যম তসনিম নিউজের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, দুটি তেলের ট্যাঙ্কারের মধ্যে একটি হরমুজ প্রণালীর পূর্ব অংশে এবং অন্যটি প্রণালীর মূল অংশে সমুদ্রসীমার মধ্যেই হঠাৎ অবরুদ্ধ হয়ে পড়ে।
বিবৃতিতে আরও বলা হয়, এই দুটি তেল ট্যাঙ্কার তাদের সমস্ত নেভিগেশনাল এবং আইডেন্টিফিকেশন সিস্টেম সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। আক্রমণকারী ও সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় সেগুলো হরমুজ প্রণালী থেকে গোপনে বেরিয়ে যাওয়ার অপচেষ্টা করছিল।
আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে যে, মাইন বিস্ফোরণে আঘাত পাওয়ার পরপরই ট্যাঙ্কার দুটিতে দাউদাউ করে আগুন ধরে যায় এবং সেগুলো সমুদ্রেই থেমে যেতে বাধ্য হয়।
বিবৃতিতে বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটির বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে আইআরজিসি সতর্ক করে দিয়েছে যে, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ইরানের সাতটি সুনির্দিষ্ট শর্ত বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না।
একই সাথে তারা আরও হুঁশিয়ারি দিয়ে জানায়, তেল ট্যাঙ্কারগুলোকে এভাবে অননুমোদিত এবং মাইনে ভর্তি বিপজ্জনক এলাকার মধ্য দিয়ে জোরপূর্বক পার করার যে চেষ্টা মার্কিন সামরিক বাহিনী করছে, তা কেবল তাদের বারবার এবং লজ্জাজনক ব্যর্থতাই বয়ে আনবে।


