...|...|...

সারাদেশ

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী আরও ৪ দিনের রিমান্ডে

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী আরও ৪ দিনের রিমান্ডে

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:৩৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:১৫
Shares
হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী আরও ৪ দিনের রিমান্ডে

রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় ‘এক-এগারোর’ আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর আরও চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন পল্টন মডেল থানার মামলায় তিন দফায় ১৪ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।  এরপর মিরপুর মডেল থানার হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিনকে গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

পরে পুলিশ প্রহরায় তাকে আদালতে তোলা হয়।  প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।  পরে রিমান্ড শুনানির জন্য আরেকটি আদালতে নেওয়া হয়। এসময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

তিনি বলেন, ‘দেলোয়ার হত্যা মামলার তদন্ত করতে গিয়ে আসামি মাসুদ উদ্দিন চৌধুরীর সম্পৃক্ততা পাওয়া গেছে।  এজন্য মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাত দিনের রিমান্ড প্রার্থনা করছি।  শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন।  তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা চালানো হয়।  আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকে।  এতে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।  প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে মারা যান।

এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।