...|...|...

বিশ্ব

হঠাৎ ইসরায়েলে গেলেন রাশিয়ার গোয়েন্দাপ্রধান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৪
Shares
হঠাৎ ইসরায়েলে গেলেন রাশিয়ার গোয়েন্দাপ্রধান

ছবি: সংগৃহীত

ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়ার একটি সামরিক বিমানের রহস্যজনক অবতরণ ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। বিমানটিতে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ইগর কস্তিউকভসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য তাঁরা সেখানে যান বলে জানা গেছে।

সোমবার (৯ নভেম্বর) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএন নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিদেশি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাতে মস্কোর কাছে চাকালোভস্কি সামরিক বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে রাশিয়ার টুপোলেভ টিইউ-১৫৪ মডেলের বিমানটি। স্থানীয় সময় রাত ৯টার দিকে এটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। সাম্প্রতিক বছরগুলোতে এমন ঘটনা দেখা যায়নি বলে বিমানটির আগমনকে অস্বাভাবিক হিসেবে উল্লেখ করে কেএএন।

প্রাথমিকভাবে বিমানটিতে কারা ছিলেন কিংবা কী উদ্দেশ্যে ইসরায়েলে এসেছেন, তা জানা যায়নি। তবে পরবর্তী প্রতিবেদনে জানানো হয়, বিমানটিতে রাশিয়ার সামরিক গোয়েন্দাপ্রধান ইগর কস্তিউকভসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা ছিলেন। যুক্তরাষ্ট্রের অনুরোধে তাঁরা ইসরায়েলের উচ্চপর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে এসেছিলেন বলে দাবি করা হয়।

এদিকে সোমবার ইসরায়েল ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির উদ্দেশে রওনা দেয় বিমানটি। কেএএন জানিয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) আবুধাবিতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে রাশিয়া ও ইউক্রেনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা।

তবে রুশ প্রতিনিধিদলের ইসরায়েল সফরে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা স্পষ্ট নয়। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলে রাশিয়ার দূতাবাস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আবুধাবির পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কেএএনের প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে ইসরায়েল ও রাশিয়ার সামরিক পর্যায়ের আলোচনায় সিরিয়ায় রুশ বাহিনীর উপস্থিতি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সংঘাত এড়াতে একটি সমন্বয়ব্যবস্থাও গড়ে তোলা হয়েছিল।

তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সিরিয়ায় সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে রাশিয়া। সম্প্রতি লাতাকিয়ার কাছে হমেইমিম বিমানঘাঁটি থেকেও রুশ সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরু করেছে মস্কো।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাতের মধ্যেও ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে রাশিয়া। কেএএন জানিয়েছে, রুশ সামরিক বিমানটির ইসরায়েলে অবতরণের পাঁচ দিন আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি মস্কো সফর করেন। সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

তবে ইরানি কর্মকর্তার মস্কো সফরের সঙ্গে রুশ গোয়েন্দাপ্রধানের কথিত ইসরায়েল সফরের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এমন এক সময়ে রাশিয়ার সামরিক বিমানটির ইসরায়েল সফরের খবর সামনে এল, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চলছে।