...|...|...

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় আহত এসআই ফরিদের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, রাত ৯:৪০
Shares
সড়ক দুর্ঘটনায় আহত এসআই ফরিদের মৃত্যু

এসআই ফরিদ আহমেদ।

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ মারা গেছেন। ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

ফরিদ আহমেদ বাসাইল থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামের সরকার বাড়ি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

জানা গেছে, গত ১ নভেম্বর সকালে মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিংয়ে অংশ নিতে যাচ্ছিলেন ফরিদ আহমেদ। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈ এলাকায় পাশের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে বাসাইল থানা পুলিশসহ সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সর্বশেষ তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সেখানে শনিবার বিকেল সোয়া ৫টার দিকে তার মৃত্যু হয়।

ফরিদ আহমেদ সৎ ও নিষ্ঠার সাথে বাসাইল থানায় দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে বাসাইল থানার সহকর্মী, পরিবার ও নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, তার লাশ সরাসরি নিজ গ্রামে নেওয়া হবে। ফরিদ আহমেদ একজন দক্ষ ও চৌকস পুলিশ অফিসার ছিলো। তার মৃত্যুতে থানার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।