দেশের পরিবর্তনে মেধাবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, মেধাবীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে মিরকাদিম পৌরসভার সানাই কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রিফাত হোসেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, ভালো মানুষ হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি শিক্ষার্থীদের পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির এ জেড এম রুহুল কুদ্দুস বলেন, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্রী সংস্থা কাজ করছে। শিক্ষা জীবনের যেকোনো ভালো উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করবে সংগঠন দুটি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কম্পিউটার প্রকৌশলী দিয়া মোহাম্মদ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাবেক সভাপতি ডা. শাকিব হাসান বেলাল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ বাইজিদ বোস্তামী, সদর উপজেলা জামায়াতের আমির মো. নুরুল আমিন সিকদার, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংবর্ধিত শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম জাহিদ।


