...|...|...

বিশ্ব

স্বেচ্ছায় মৃত্যুর আবেদন নিয়ে নিয়ম বদলাচ্ছে কানাডা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, রাত ১১:৪৩
Shares
স্বেচ্ছায় মৃত্যুর আবেদন নিয়ে নিয়ম বদলাচ্ছে কানাডা

ছবি: সংগৃহীত

কানাডায় একমাত্র মানসিক অসুস্থতার ভিত্তিতে ইচ্ছামৃত্যু বা অ্যাসিস্টেড ডাইংয়ের আবেদন করার সুযোগ বাদ দিতে নতুন আইন আনতে যাচ্ছে দেশটির সরকার। সংসদীয় কমিটির এমন একটি সুপারিশ করার কয়েক মাস পর এই সিদ্ধান্তের কথা জানালেন কানাডার বিচারমন্ত্রী শন ফ্রেজার।

বুধবার (৭ অক্টোবর) বিচারমন্ত্রী শন ফ্রেজার ঘোষণা দেন যে, চলতি শরতে এসংক্রান্ত একটি বিল উত্থাপন করা হবে। বিশ্বের অন্যতম উদার এই সহায়ক মৃত্যু বা ইচ্ছামৃত্যুর আইনে আর কোনো কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন।

নতুন এই বিলে এমন সব ব্যক্তিদের জন্য অগ্রিম অনুরোধের বিধানও অন্তর্ভুক্ত থাকবে, যারা ভবিষ্যতে ডিমেনশিয়া বা আলঝেইমার্স রোগের মতো জটিল সমস্যায় আক্রান্ত হয়ে নিজ সিদ্ধান্তে উপনীত হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন।

রয়টার্স বলছে, কানাডার ফৌজদারি আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে, যাতে ইচ্ছামৃত্যুর জন্য নির্ধারিত মানদণ্ডগুলো মেনে চলা চিকিৎসকদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা বা আইনি পদক্ষেপ না নেওয়া হয়।

মন্ত্রী ফ্রেজার স্পষ্ট করে জানান, কানাডা কেবল এমন প্রদেশগুলোতেই ইচ্ছামৃত্যুর অনুমতি দেবে, যেসব অঞ্চলের আইনে অনিবার্য রোগে আক্রান্ত এবং অসহনীয় যন্ত্রণা ভোগ করা ব্যক্তিদের জন্য প্রবেশগম্যতা নিশ্চিত করা হয়েছে এবং কঠোর সুরক্ষা ব্যবস্থা বজায় রয়েছে।

এর আগে, অধিকার সুরক্ষা গোষ্ঠী ‘ডায়িং উইথ ডিগনিটি’ মানসিক অসুস্থতার কারণে ইচ্ছামৃত্যুপ্রত্যাশীদের বাদ দেওয়ার সরকারি সিদ্ধান্তকে দেশটির অধিকার ও স্বাধীনতার চার্টারের লঙ্ঘন বলে অভিহিত করেছিল। এমনকি তারা কানাডা সরকারের বিরুদ্ধে একাধিক আইনি লড়াইয়েও সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।