বিশ্ববাজারে স্বর্ণের সাথে পাল্লা দিয়ে জ্বালানি তেলের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো নিম্নমুখী রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বাড়া এবং হরমুজ প্রানালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল প্রায় স্বাভাবিক পর্যায়ে ফিরে আসায় বাজারে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা তৈরি হয়েছে।
তবে ইরানকে ঘিরে উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে শুক্রবার (২০ নভেম্বর) লেনদেনের শেষ দিকে তেলের দাম কিছুটা ঘুরে দাঁড়ায়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৯২ ডলার ৫৭ সেন্টে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭৭ সেন্ট বা শূন্য দশমিক ৯৩ শতাংশ বেড়ে ৮৩ ডলার ৯৮ সেন্ট হয়।
তবে দৈনিক হিসাবে দাম বাড়লেও পুরো সপ্তাহের চিত্র ছিল ভিন্ন। ব্রেন্টের দাম সপ্তাহে প্রায় ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৫ শতাংশ কমেছে। এর ফলে টানা তৃতীয় সপ্তাহের মতো দরপতনের মুখে পড়েছে তেলের বাজার।
দাম কমার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে সরবরাহ বৃদ্ধির প্রত্যাশাকে। হরমুজ প্রানালী দিয়ে অপরিশোধিত তেল পরিবহন যুদ্ধের আগের সময়ের কাছাকাছি পৌঁছেছে। একই সাথে মধ্যপ্রাচ্য থেকে তেল রফতানিও শক্তিশালী রয়েছে। এতে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বাজারে নতুন উদ্বেগও তৈরি করেছে।
শুক্রবার ইয়েমেনের হুথি আন্দোলন সৌদি আরবের লোহিত সাগর উপকূলে জেদ্দাসহ অন্যান্য বন্দরের আশপাশের মানুষ ও জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে। এর আগে বৃহস্পতিবার রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটে।
এ ছাড়া হরমুজ প্রানালীতে দুটি তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইনে আঘাত করে আগুনে জ্বলছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেল পরিবহন আবারও ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
এদিকে আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের সদস্য দেশগুলো বৈঠকে বসবে। সেখানে ২০২৭ সালের তেল উৎপাদন নীতি নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। ভবিষ্যৎ উৎপাদন ও সরবরাহের পরিকল্পনাও আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রভাব ফেলতে পারে।


