...|...|...

জাতীয়

স্থানীয় নির্বাচন সামনে রেখে ৬৪ জেলায় ১৫০ সংশোধনকারী কর্মকর্তা নিয়োগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, রাত ১০:৩৭
Shares
স্থানীয় নির্বাচন সামনে রেখে ৬৪ জেলায় ১৫০ সংশোধনকারী কর্মকর্তা নিয়োগ

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্ত করতে দেশের ৬৪ জেলা এবং ক্যান্টনমেন্ট এলাকায় ১৫০ জন সংশোধনকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের যুগ্মসচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম পরিচালিত হবে। এ প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা নিয়ে দাখিল করা দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নিষ্পত্তি করবেন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা। এ জন্য যথাক্রমে ফরম-৬, ফরম-৭ ও ফরম-৮-এ আবেদন গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে যারা ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার ডেটাবেজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে।

এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির সময়সীমাও নির্ধারণ করেছে ইসি। আগামী ৫ নভেম্বরের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নিষ্পত্তি শেষে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত ভোটাররাই সংশ্লিষ্ট নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী বছরের ২১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।