...|...|...

বিশ্ব

ভারতের উত্তর প্রদেশে

স্ত্রীর ঝগড়া এড়াতে ২১ তলা থেকে পড়ে স্বামীর মর্মান্তিক মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, রাত ১০:০৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, রাত ১০:৩৭
Shares
স্ত্রীর ঝগড়া এড়াতে ২১ তলা থেকে পড়ে স্বামীর মর্মান্তিক মৃত্যু

ছবি: এআই

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় স্ত্রীর সাথে চলমান পারিবারিক কলহ ও ঝগড়া এড়াতে ফ্ল্যাটের ব্যালকনি দিয়ে নিচে নামার সময় ২১ তলা থেকে নিচে পড়ে হর্ষিত লাভানিয়া (৩১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৪ অক্টোবর) এনডিটিভির বরাতে পুলিশ সূত্রে জানা যায়, নিহত হর্ষিত লাভানিয়ার সাথে তার স্ত্রীর ২০২৪ সালে বিয়ে হলেও একটি পারিবারিক বিরোধের জেরে গত ছয় মাস ধরে তারা আলাদা বসবাস করছিলেন। ঘটনার দিন হর্ষিত গ্রেটার নয়ডার সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটির একটি ভাড়া ফ্ল্যাটে একা ছিলেন। সে সময় তার স্ত্রী ফ্ল্যাটে এসে দরজা ধাক্কা দেন। কিন্তু স্ত্রীর সাথে নতুন করে কোনো তর্কে জড়াতে চাননি হর্ষিত, যে কারণে তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান।

হর্ষিতের স্ত্রী বাইরে থেকে তাকে ডেকে কথা বলার চেষ্টা করলেও হর্ষিত দরজা না খুলে ভেতরেই অবস্থান করেন। একপর্যায়ে বাধ্য হয়ে তিনি অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডকে ডেকে দরজা খোলার ব্যবস্থা করতে বলেন।

ঠিক সেই মুহূর্তেই স্ত্রীর সাথে মুখোমুখি হওয়া এড়াতে ফ্ল্যাটের ব্যালকনি বেয়ে নিচের তলায় নেমে পালানোর চেষ্টা করেন হর্ষিত। কিন্তু দুর্ভাগ্যবশত তার হাত বা পা পিছলে যায় এবং তিনি সোজা নিচে মাটিতে সজোরে পড়ে গুরুতর আহত হন।

পরে কমপ্লেক্সের অন্যান্য বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

হর্ষিতের পরিবারের অভিযোগ, স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে চলা এই পারিবারিক বিরোধ ও মানসিক চাপের কারণে তিনি প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে এবং অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।