লালমনিরহাটের চরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে সরকারি স্কুল ফিডিং কর্মসূচি। পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলার ৩১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচির আওতায় পাচ্ছে পুষ্টিকর খাবার। সংশ্লিষ্টদের দাবি, কর্মসূচি চালুর আগে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় ৭০ শতাংশ থাকলেও এখন তা বেড়ে ৯০ থেকে ৯৫ শতাংশে দাঁড়িয়েছে। একই সঙ্গে কর্মসূচিতে যুক্ত হয়ে আয় করছেন স্থানীয় নারীরাও।
তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের অনেক শিশুর জন্য দুপুরের ক্ষুধা ছিল পড়াশোনার বড় বাধা। দীর্ঘ সময় না খেয়ে বিদ্যালয়ে অবস্থান করায় তারা ক্লান্ত হয়ে পড়ত। অনেকের মধ্যে বিদ্যালয়ে আসার অনীহাও দেখা দিত। তবে স্কুল ফিডিং কর্মসূচি চালুর পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা। পুষ্টিকর খাবার পেয়ে বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়ার পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগও বেড়েছে।
প্রাপ্ত তথ্যমতে, প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধ এবং শিশুদের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে গত বছরের ২৮ ডিসেম্বর পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলার ৩১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি শুরু হয়। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ের বিরতির সময় খাবার পাচ্ছে।
সাপ্তাহিক রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে বনরুটি, সিদ্ধ ডিম, কলা ও প্যাকেটজাত তরল দুধ। সপ্তাহে এক দিন ২০০ মিলিলিটার প্যাকেটজাত দুধ, এক দিন কলা এবং বাকি তিন দিন বনরুটির সঙ্গে একটি করে সিদ্ধ ডিম দেওয়া হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, পাটগ্রাম উপজেলায় ২২ হাজার ৮২৯ জন এবং কালীগঞ্জ উপজেলায় ১৯ হাজার ৮৫০ জন শিক্ষার্থী নিয়মিত এ কর্মসূচির আওতায় খাবার পাচ্ছে। আগে এসব এলাকার বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল প্রায় ৭০ শতাংশ। বর্তমানে তা বেড়ে ৯০ থেকে ৯৫ শতাংশে দাঁড়িয়েছে। অনেক বিদ্যালয়ে ঝরে পড়ার প্রবণতাও কমেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কালীগঞ্জ উপজেলার পণ্ডিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন বলেন, আগে অনেক শিক্ষার্থী ক্ষুধার্ত অবস্থায় ক্লাস করত। দীর্ঘ সময় না খেয়ে থাকায় তাদের মধ্যে বিদ্যালয়ে আসার অনীহা দেখা যেত। এখন রুটি, কলা, ডিম ও দুধসহ পুষ্টিকর খাবার পাওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। ক্ষুধাজনিত ক্লান্তি কমায় শ্রেণিকক্ষে তাদের মনোযোগও বেড়েছে।
তিস্তা চরাঞ্চলবেষ্টিত ভোটমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলু বলেন, নদী পার হয়ে বিদ্যালয়ে আসা চরাঞ্চলের শিশুরা দুপুরের দিকে ক্লান্ত হয়ে পড়ত। এতে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হতো। এখন পুষ্টিকর টিফিন পাওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। তাদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে শ্রেণিকক্ষ।
অভিভাবক সৈয়দ আলী ও আ. খালেক বলেন, আগে শিশুরা অনেক সময় স্কুলে যেতে চাইত না। এখন খাবার পাওয়ার আশায় নিয়মিত বিদ্যালয়ে যায়। দরিদ্র পরিবারের পক্ষে প্রতিদিন সন্তানদের জন্য টিফিনের খাবার বা টাকা দেওয়া সম্ভব হয় না। সকালে বাড়ি থেকে সামান্য খাবার খেয়ে বিদ্যালয়ে গিয়ে দীর্ঘ সময় থাকা শিশুদের জন্য কষ্টকর। তাই তাঁরা এ কর্মসূচি সারা দেশে চালুর আহ্বান জানান।
শিক্ষার্থীদের মধ্যেও এ কর্মসূচি নিয়ে আনন্দ দেখা গেছে। মদনপুর বৈরাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা বলে, আগে ক্ষুধার কারণে ক্লাসে মনোযোগ ধরে রাখা কষ্টকর ছিল। এখন নিয়মিত পুষ্টিকর খাবার পেয়ে তারা আনন্দিত। এতে পড়ালেখায় মনোযোগ দেওয়া সহজ হয়েছে।
পাটগ্রাম উপজেলার মুন্সীটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান বলে, তারা নিয়মিত রুটি, কলা, ডিম ও দুধ পাচ্ছে। আগে ক্ষুধা লাগলে ক্লাস করতে কষ্ট হতো। এখন পেট ভরা থাকায় সব ক্লাসে মনোযোগ দিয়ে পড়তে পারে।
শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি এ কর্মসূচিতে স্থানীয় নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বিদ্যালয়সংলগ্ন এলাকার নারীদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সিদ্ধ ডিম ও কলা সরবরাহ করা হচ্ছে। বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা ইএসডিওর তত্ত্বাবধানে এসব নারী সরবরাহ কার্যক্রমে যুক্ত হয়েছেন।
ইএসডিওর জেলা ম্যানেজার বাবুল আক্তার জামান জানান, স্থানীয় নারীদের এ কার্যক্রমে সম্পৃক্ত করায় তাঁরা প্রতি সপ্তাহে বিল পাচ্ছেন। মাস শেষে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আয় করার সুযোগ হচ্ছে তাঁদের। এতে পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হচ্ছে।
অন্যদিকে, হাতীবান্ধা উপজেলার আল মদিনা বেকারিতে শিক্ষার্থীদের জন্য বনরুটি তৈরি করা হচ্ছে। দরপত্রের মাধ্যমে এনজিও আরডিএর মাধ্যমে দুধ সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো পুরো সরবরাহব্যবস্থা তদারকি করছে।
জেলায় প্রকল্পটির কারিগরি ও সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইএসডিএফ)। সংস্থাটির স্কুল ফিডিং প্রকল্পের জেনারেল ম্যানেজার আশিক আহমেদ জেবাল বলেন, সরকারের এ প্রকল্পকে তাঁদের সংস্থা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিশুদের কাছে মানসম্মত খাবার পৌঁছে দিতে নিয়মিত তদারকি করা হচ্ছে।
পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ সরকার বলেন, বিদ্যালয়ের বিরতির সময় একবেলা পুষ্টিকর খাবার পাওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে। বর্ষাকালসহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও শিশুদের বিদ্যালয়মুখী হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। খাবারের তালিকায় বনরুটি, কলা ও ডিম যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণেও সহায়ক ভূমিকা রাখছে এ কর্মসূচি।
লালমনিরহাট জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব বলেন, আগে পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল প্রায় ৭০ শতাংশ। বর্তমানে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় খাবার দেওয়ায় তা বেড়ে ৯০ থেকে ৯৫ শতাংশে দাঁড়িয়েছে। উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ও পুষ্টির ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন এসেছে। চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে এ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে। শিশুদের পুষ্টি ও প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাইলট প্রকল্পটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

