ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বোরকা ও নিকাবসহ মুখ ঢেকে রাখে এমন পোশাক পরা নিষিদ্ধ করে আইন পাস হয়েছে। নতুন এই আইন অমান্য করলে সর্বোচ্চ এক হাজার ইউরো জরিমানা করা হবে। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে জরিমানা পরিশোধের দায়িত্ব নিতে হবে তার বাবা-মা বা আইনগত অভিভাবককে।
ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষে বিতর্কিত এই শিক্ষা সংস্কার আইন চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বিলটির পক্ষে ১৪২ জন এবং বিপক্ষে ১১২ জন ভোট দেন। ভোটদানে বিরত ছিলেন চারজন। এর আগে গত ২০ নভেম্বর পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বিলটি অনুমোদন পায়।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের উত্থাপিত এই আইনে বলা হয়েছে, শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করা যায় না, এমনভাবে মুখ ঢেকে শ্রেণিকক্ষ কিংবা পাঠ্যক্রমবহির্ভূত কোনো কার্যক্রমে অংশ নেওয়া যাবে না। এই বিধিনিষেধের কারণে বিশেষভাবে প্রভাবিত হবে বোরকা ও নিকাব পরা মুসলিম শিক্ষার্থীরা।
নতুন আইনে প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা রয়েছে এমন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে না। পাশাপাশি বিদেশি অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্স চালুর বিধানও রাখা হয়েছে।
এদিকে, নতুন এই আইন নিয়ে তীব্র সমালোচনা করেছে ইতালির বিরোধী রাজনৈতিক দলগুলো। চূড়ান্ত ভোটাভুটির সময় বিরোধী আইনপ্রণেতারা পার্লামেন্টে প্রতিবাদ জানান। এ সময় তারা ‘স্কুলে কেউ বিদেশি নয়’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বিরোধীদের অভিযোগ, ইতালির শিক্ষাব্যবস্থার প্রকৃত সমস্যাগুলো সমাধান না করে সরকার এমন আইন প্রণয়ন করেছে, যা শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে। পাশাপাশি বিদেশি পরিবার ও মুসলিম শিক্ষার্থীদের প্রতি বৈষম্য বাড়ানোর অভিযোগও তুলেছেন তারা।


