দেশের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করতে ‘পিংক সাইকেল’ বা গোলাপি সাইকেল উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
একই সঙ্গে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন, এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ট্যাব উপহার দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সারাদেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রতিটি শ্রেণিতে মেয়েদের আরও বেশি শিক্ষায় উৎসাহিত করতে প্রধানমন্ত্রী একটি উপহারের কথা বলেছেন। সেটি হলো ‘পিংক সাইকেল’ বা গোলাপি সাইকেল। মেয়েদের শিক্ষায় অনুপ্রাণিত করাই এর উদ্দেশ্য।
তিনি বলেন, ‘তাদের শিক্ষায় অনুপ্রাণিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান পিংক সাইকেল দেওয়ার কথা বলেছেন। শিগগির এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।’
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছেন, তাদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেবেন। প্রধানমন্ত্রীর হাত থেকে এসব শিক্ষার্থী পুরস্কার পাবেন।
শিক্ষামন্ত্রী আরও জানান, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে পড়াশোনায় উৎসাহ দিতে উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
শিক্ষাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। চলতি বাজেটে শিক্ষায় জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তা ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় এ ধরনের বড় বিনিয়োগ অতীতে কোনো সরকার করেনি।



