...|...|...

সারাদেশ

স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় সেই অভিযুক্ত কিশোর গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, রাত ২:২৮
Shares
স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় সেই অভিযুক্ত কিশোর গ্রেফতার

স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় সেই অভিযুক্ত কিশোর গ্রেফতার। ছবি: টাইমস টুডে

কুষ্টিয়া শহরে এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গ্রেফতার ইমন (১৭) কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করে পুলিশ। এরপর থেকেই তাকে গ্রেফতারে অভিযান চলছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত জাকিয়া কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে তার এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা চলছে। সোমবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর নিজ বাসার সামনেই হামলার শিকার হয় সে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্কুল থেকে ফিরে বাসার সামনে এসে কলবেল চাপে জাকিয়া। গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে ছুরি হাতে দ্রুত এগিয়ে আসে এক কিশোর। এরপর ধারালো ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে একের পর এক আঘাত করে।

এ সময় হাত দিয়ে হামলা ঠেকানোর চেষ্টা করে জাকিয়া। চিৎকার করতে করতে একপর্যায়ে সড়কে লুটিয়ে পড়ে সে। পরে হামলাকারী ঘটনাস্থলে ছুরি ফেলে পালিয়ে যায়। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

জাকিয়ার বাড়ি ফরিদপুর জেলায়। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া অঞ্চলের বিপণন প্রতিনিধি হিসেবে কর্মরত। চাকরির সুবাদে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরের থানাপাড়ার একটি ভবনের তিনতলায় বসবাস করছেন তারা।

পরিবারের অভিযোগ, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে উত্ত্যক্ত করে আসছিল। আগে একই কোচিং সেন্টারে পড়ার সুবাদে তাদের পরিচয় হয়। এরপর থেকে ইমন তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জাকিয়ার পরিবার ইমনের অভিভাবকদের জানালে কিছুদিন উত্ত্যক্ত করা বন্ধ রাখে সে। তবে সেই ঘটনার ক্ষোভ থেকেই এ হামলা চালানো হয়েছে বলে পরিবারের দাবি।

আহত ছাত্রীর মা অভিযোগ করেন, অভিযুক্ত কিশোর দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্নভাবে বিরক্ত করছিল। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু সোমবার স্কুল থেকে ফিরে বাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার মেয়েকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল জানান, জাকিয়ার শরীরের বিভিন্ন স্থানে অন্তত ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে হাতে দুটি গভীর ক্ষত পাওয়া গেছে। প্রতিটি ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সে আশঙ্কামুক্ত হলেও হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফজল মাহমুদ এর আগে জানিয়েছিলেন, ঘটনার পর আশপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়। এর মাধ্যমে অভিযুক্ত কিশোরের পরিচয় নিশ্চিত হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ছুরিটি জব্দ করে পুলিশ।

পরে মঙ্গলবার রাত ১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে অভিযুক্ত ইমনকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন।