বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কক্ষপথে ফিরেছে ব্রাজিল। তবে মাঠের জয়ের চেয়েও সেলেসাও সমর্থকদের জন্য বড় সুখবর হয়ে এসেছে নেইমারের ফেরার গুঞ্জন।
বুধবার (২৪ জুন) স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই মাঠে নামতে পারেন ৩৪ বছর বয়সী এই তারকা ফরওয়ার্ড। ম্যাচ শেষে খোদ ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিই দিয়েছেন এমন সুসংবাদ।
হাইতির বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে নেইমারের চোট নিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার আগামীকাল এককভাবে অনুশীলন করবে। আর সোমবার (২২ জুন) দলের বাকিদের সাথে পুরোদমে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’
কাফ ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন নেইমার। গত ১৭ মে সান্তোসের হয়ে ব্রাজিলের ঘরোয়া লিগে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকেই চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও ইনজুরি বেশ ভুগিয়েছে তাকে। তবে যখনই মাঠে নেমেছেন, রেখেছেন সামর্থ্যের ছাপ। এই সময়ে মাত্র ৪ ম্যাচে করেছেন ২ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ৩টি।


