সৌদি আরব এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র হয়ে ওঠা পাল্টাপাল্টি হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এদিকে হুথি নেতা আবদুল-মালিক আল-হুথি দাবি করেছেন যে, তাদের গোষ্ঠী মক্কাকে লক্ষ্যবস্তু করেছে বলে সৌদি আরব যে দাবি তুলেছে তা একটি ‘ঘৃণ্য মিথ্যা’। খবর আল জাজিরার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, গত বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফ গভর্নরেটে হুথিদের একটি ড্রোন প্রতিহত করার পর সেখানে ড্রোন বা এর ধ্বংসাবশেষের আঘাতে অন্তত একজন নিহত হয়েছেন, যিনি সৌদি আরবে বসবাসকারী এক ইয়েমেনি নাগরিক। এছাড়া এই ঘটনায় আরও দু'জন আহত হন। চলতি মাসে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা তাদের হামলা জোরদার করার পর এই প্রথম সৌদি আরবে কোনো মৃত্যুর খবর ঘোষণা করা হলো।
অন্যদিকে, গত বৃহস্পতিবার ইয়েমেনে হুথিরা জানিয়েছে যে, সৌদি শত্রু যুদ্ধবিমানগুলো তায়েজ প্রদেশের তিনটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা চালিয়েছে। হুথি-সংযুক্ত আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, তায়েজে হামলায় এক বেসামরিক নাগরিক নিহত এবং ইয়েমেনের আবস শহরে হামলায় আরও একজন আহত হয়েছেন।
হুথি-সমর্থিত গণমাধ্যম পরবর্তীতে জানায় যে, সৌদি-সমর্থিত ভাড়াটে সেনাদের (ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীকে নির্দেশ করে বলা হয়েছে) বিমান হামলায় তিন শিশু নিহত এবং বেশ কয়েকজন ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন।
সৌদি আরবের তায়েফে হুথি হামলার নিন্দা জানিয়ে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ‘ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের সাথে পরম সংহতি’ প্রকাশ করেছে। এছাড়া বাহরাইন জানিয়েছে, তারা সৌদি আরবের ওপর হুথিদের অব্যাহত সন্ত্রাসী হামলা এবং তায়েফ গভর্নরেটে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার তীব্র নিন্দা জানায়।
এদিকে, ইইউ বা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনৌনি সমস্ত সামরিক পদক্ষেপ বন্ধ করার জন্য হুথিদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং একই সাথে সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন।


