সৌদি আরবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশটির বিমানবন্দর ব্যবহারে মার্কিন সরকারি কর্মীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। এখন থেকে সৌদি আরবের কোনো বিমানবন্দর ব্যবহারের আগে তাদের বিশেষ অনুমতি নিতে হবে।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, বুধবার (১৪ অক্টোবর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস মার্কিন নাগরিকদেরও সতর্ক করেছে। এতে বলা হয়েছে, দেশটির বিমানবন্দরগুলোতে হামলার আশঙ্কা রয়েছে। এ ছাড়া আকাশপথ বন্ধ, ফ্লাইট বাতিলসহ ভ্রমণে বিভিন্ন ধরনের বিঘ্ন ঘটতে পারে।
সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের সময় মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং ফ্লাইটের সর্বশেষ তথ্য জানতে সরাসরি সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে দূতাবাস।
এদিকে, মার্কিন সরকারি কর্মীদের ইয়েমেন সীমান্তের ২০ মাইল বা প্রায় ৩২ কিলোমিটারের মধ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি জিজান, আসির, নাজরান, কাতিফ, ইয়ানবু ও তায়েফ এলাকায় যেতে হলেও বিশেষ অনুমতি নিতে হবে।


