...|...|...

বিশ্ব

সৌদির মদিনা অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৩ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৯
Shares
সৌদির মদিনা অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় মদিনা এলাকায় চালানো এই হামলায় সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাইপলাইনের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) পাইপলাইনটি লক্ষ্য করে হামলা চালানো হয়। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলার পর সেখানে ছোট আকারের আগুন ধরে যায়। তবে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং তেল পরিবহন কার্যক্রমেও কোনো বিঘ্ন ঘটেনি। তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এমন সময় হামলার ঘটনাটি ঘটল, যখন সৌদি আরব ও তাদের সমর্থিত ইয়েমেনি সরকারের সঙ্গে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। এর আগেও হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের তেল শোধনাগার ও সংরক্ষণাগারসহ বিভিন্ন জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়েছে।

হরমুজ প্রণালী এড়িয়ে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ অব্যাহত রাখতে সৌদি আরবের পূর্ব-পশ্চিম পাইপলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে তেল পরিবহন ব্যাহত হচ্ছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে।

প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি আরব উপদ্বীপের মরুভূমি পেরিয়ে সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলের ইয়ানবু বন্দরে পৌঁছেছে। এর আগেও একাধিকবার পাইপলাইনটিতে হামলা হয়েছে। সর্বশেষ সেপ্টেম্বরে ড্রোন হামলার পর কয়েক দিনের জন্য এর কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। সৌদি কর্তৃপক্ষের দাবি, ওই ড্রোনগুলো ইরাক থেকে পাঠানো হয়েছিল।

হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার পর থেকে সৌদি আরব প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। এই পরিমাণ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।