ইয়েমেনের হুথি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট যদি হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে হামলা চালায়, তাহলে জেদ্দা বন্দরসহ লোহিত সাগর উপকূলে সৌদি আরবের সব ‘শত্রু বন্দর’ তাদের হামলার লক্ষ্য হবে।
শুক্রবার (২০ নভেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ হুমকি দেন।
সারি বলেন, শত্রু যদি হোদেইদা বন্দরে হামলার হুমকি বাস্তবায়ন করে, তাহলে জেদ্দা বন্দর এবং লোহিত সাগর উপকূলে সৌদি শত্রুর সব বন্দর আমাদের বাহিনীর লক্ষ্যবস্তু হবে।
তিনি এসব বন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক এবং আশপাশে থাকা লোকজনকে ‘তাৎক্ষণিকভাবে সরে যেতে’ বলেন। একই সাথে শিপিং কোম্পানিগুলোকে তাদের জাহাজ সরিয়ে নেওয়ার আহ্বান জানান।
এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে ইয়াহিয়া সারি সব বিমান সংস্থাকে সতর্ক করে বলেন, সৌদি আরবের আকাশসীমা ‘নিরাপদ নয়’।
তার ভাষ্য, আগামী কয়েক ঘণ্টায় সৌদি আকাশসীমা আমাদের অভিযানের ক্ষেত্র হবে।
তবে মক্কা ও মদিনার আকাশসীমাকে এই হুঁশিয়ারির বাইরে রাখা হয়েছে বলে জানান তিনি।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট হোদেইদা বন্দর এলাকা থেকে বেসামরিক লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। এর পরপরই হুথিদের পক্ষ থেকে সৌদি বন্দর ও আকাশসীমা নিয়ে এই পালটা হুমকি আসে।


