সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের আবাসন ও সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। একই ঘটনায় আহত ওমরাহযাত্রীদের চিকিৎসা, দেশে প্রত্যাবর্তন এবং নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থাও করেছে সরকার।
বুধবার (২১ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হন বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা। এ ঘটনায় বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি নিহত হন বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুরের বাসিন্দা ছিলেন। ওই কাফেলার দলনেতা বা ইমাম হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি। হামলায় কাফেলার আরও কয়েকজন সদস্য আহত হন।
হামলার খবর পাওয়ার পরপরই আক্রান্ত ওমরাহ কাফেলার সদস্যদের সাথে যোগাযোগ করেন ধর্মমন্ত্রী। সৌদি আরবে কর্মরত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেন তিনি। সে সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকলেও যাত্রীদের খোঁজখবর নেন সার্বক্ষণিকভাবে।
হামলায় যাত্রীদের লাগেজ হারিয়ে যাওয়ায় মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে তাদের আপ্যায়ন ও নতুন পোশাকের ব্যবস্থা করা হয়। পাশাপাশি দেশে ফেরার টিকিট নিশ্চিত করা এবং নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ অব্যাহত রাখা হয়।
নিহত মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি গত ১৩ অক্টোবর ধর্মমন্ত্রীর পক্ষ থেকে মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুরে তার বাড়িতে যায়। এ সময় পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
প্রতিনিধি দলটি শহীদের মরদেহ দাফন, পরিবারের স্থায়ী আবাসন এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেয়। পরিবারের সাথে ফোনালাপেও ধর্মমন্ত্রী শহীদের মরদেহ জান্নাতুল বাকিতে দাফন অথবা দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ব্যক্তিগতভাবে পরিবারটিকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন তিনি।
হামলার শিকার ৪৫ সদস্যের ওমরাহ কাফেলার ৩৩ জন সদস্য মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ধর্মমন্ত্রীর নির্দেশনায় তার একান্ত সচিব ছাদেক আহমদ, পরিচালক (হজ) মো. লোকমান হোসেনসহ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে দেশে ফেরা যাত্রীদের অভ্যর্থনা জানান।
বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশে ধর্মমন্ত্রীর একান্ত সচিব ছাদেক আহমদ বলেন, সৌদি আরবে আটকে পড়া উমরাহযাত্রীদের অভ্যর্থনা জানাতে মন্ত্রীর নির্দেশনায় আমরা বিমানবন্দরে এসেছি। ধর্মমন্ত্রী ব্যক্তিগতভাবে ফিরে আসা যাত্রীদের নৈশভোজের ব্যবস্থা করেছেন। সবাইকে নিরাপদে নিজ নিজ মাদ্রাসা ও বাসায় পৌঁছে দিতে পরিবহনেরও ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি বলেন, পরবর্তী সময়েও প্রয়োজনীয় সব সহযোগিতা মন্ত্রী অব্যাহত রাখবেন এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে করণীয় সবকিছু করবেন।
এ সময় বিমানবন্দরে জামেয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফয়জুল্লাহ, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


