...|...|...

জাতীয়

আজ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসছেন ভারতীয় হাইকমিশনার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, রাত ৯:৩৫ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪৬
Shares
আজ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসছেন ভারতীয় হাইকমিশনার

ছবি: সংগৃহীত

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে সোমবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৈঠকের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে ব্রিফ করা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সোমবার সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে ওই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে তৈরি হওয়া বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

গত সপ্তাহে দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এর মধ্যেই দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।