সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৩’-এর সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আইএসপিআরের এক বিবৃতিতে এই উৎক্ষেপণকে দেশটির জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সেনাবাহিনী ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এটি উন্নত নেভিগেশন ও প্রপালশন প্রযুক্তিতে সজ্জিত এবং সুপারসনিক গতিতে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।’
আইএসপিআর জানিয়েছে, নতুন এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের আভিযানিক সক্ষমতা ও আঘাত হানার পাল্লা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।
ফাতাহ-৩-এর উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন আর্মি রকেট ফোর্স কমান্ডের কমান্ডার, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা।
সফল পরীক্ষার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধান সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনে সংশ্লিষ্ট সবার নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসা করেছেন তারা।
চলতি মাসের শুরুতে স্থানীয় প্রযুক্তিতে তৈরি পাকিস্তানের প্রথম আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ‘ফায়াজ’-এর সফল উড্ডয়ন পরীক্ষা চালায় দেশটির বিমানবাহিনী।
সে সময় আইএসপিআর জানিয়েছিল, ‘ফায়াজ’-এর পরীক্ষা জাতীয় মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতার অগ্রগতিতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এর আগে গত অক্টোবরে আরও দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পাকিস্তান। ১৩ অক্টোবর দূরপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২’ এবং ৬ অক্টোবর দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’-এর বর্ধিত সংস্করণের পরীক্ষা চালানো হয়।


