...|...|...

খুলনা

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ ট্রলার জব্দ, পালাল ৭ শিকারি

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৩৩
Shares
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ ট্রলার জব্দ, পালাল ৭ শিকারি

বঙ্গোপসাগর সংলগ্ন বাগেরহাটের পূর্ব সুন্দরবনের নারিকেলবাড়ীয়া এলাকায় হরিণ শিকারের কাজে ব্যবহৃত ৪ বস্তা মালাফাঁদসহ একটি ফিশিং ট্রলার জব্দ করেছে বন বিভাগ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে নিয়মিত টহলের সময় ট্রলারটি জব্দ করা হয়।

এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা সাত হরিণ শিকারি নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে সুন্দরবনে উঠে গহীন অরণ্যে পালিয়ে যায়।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় বঙ্গোপসাগর সংলগ্ন নারিকেলবাড়ীয়া এলাকায় একটি ফিশিং ট্রলার দেখতে পেয়ে সেটিকে থামার নির্দেশ দেন বনরক্ষীরা।

বনরক্ষীদের দেখতে পেয়ে ট্রলারে থাকা সাতজন হরিণ শিকারি নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে সুন্দরবনের দিকে চলে যায়। পরে তারা গহীন অরণ্যে ঢুকে পালিয়ে যায়।

এদিকে সাগরের ঢেউয়ের তোড়ে ফিশিং ট্রলারটি ডুবতে শুরু করলে বনরক্ষীরা দ্রুত সেটিকে অর্ধডুবন্ত অবস্থায় উদ্ধার করে শেলারচর টহল ফাঁড়িতে নিয়ে যান। এ সময় ট্রলারটিতে থাকা কয়েকটি ককশিট ভর্তি বরফসহ শিকারিদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সাগরে ভেসে যায়।

পরে বনরক্ষীরা ট্রলারটিতে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের কাজে ব্যবহৃত ৪ বস্তা মালাফাঁদ জব্দ করেন।

বন বিভাগ জানিয়েছে, পালিয়ে যাওয়া হরিণ শিকারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।