সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চলের ভ্যালাইসে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম ‘সুইসইনফো’র বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, খবর পেয়ে জরুরি সেবা দলের সদস্য ও উদ্ধারকারী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছান। তবে বিমানের ভেতরে থাকা তিন আরোহীর কাউকেই জীবিত পাওয়া যায়নি। নিহতদের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর দ্রুতই তিনটি হেলিকপ্টার ও উদ্ধারকারী টিম পাঠায় সুইস কর্তৃপক্ষ। বিমানটি কীভাবে বিধ্বস্ত হলো, তা জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, গত এক দশকে সুইজারল্যান্ডে তিনটি বা তার বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে এমন বিমান দুর্ঘটনা এ নিয়ে নয়টিতে দাঁড়াল।


