আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস পূর্তি উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচিতে অংশ নিতে বর্তমানে সিলেটে অবস্থান করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সফরকালে তিনি সিলেটের ঐতিহ্যবাহী ‘সাত রঙের চা’ উপভোগ করার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্যদের সাথে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সফরের অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠক শেষে তিনি সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে একটি ফটোসেশনে অংশ নেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে সিলেটের স্থানীয় সংসদ সদস্যদের সাথে মার্কিন রাষ্ট্রদূতের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দেশের বর্তমান বাণিজ্যমন্ত্রীসহ সিলেটের স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সফরের ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই মার্কিন রাষ্ট্রদূতের এই গুরুত্বপূর্ণ সিলেট সফর। সফরের ফাঁকে সিলেটের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী সাত রঙের চায়ের স্বাদ নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেন তিনি।


