...|...|...

বিশ্ব

সিরিয়ার হোমসে যাত্রীবাহী বাসে গুলি, নিহত ৭

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, সকাল ৬:১৫
Shares
সিরিয়ার হোমসে যাত্রীবাহী বাসে গুলি, নিহত ৭

ছবি: সংগৃহীত

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে বন্দুকধারীদের গুলিতে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার রাতে মাসিয়াফ সেতুর কাছে এ হামলা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হোমস স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাসটি একটি প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিল। পশ্চিম হোমসের গ্রামাঞ্চলে মাসিয়াফ সেতু অতিক্রম করার সময় অজ্ঞাত বন্দুকধারীরা বাসটিকে লক্ষ্য করে গুলি চালায়। হতাহতদের প্রদেশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

হোমস গ্র্যান্ড হাসপাতালের পরিচালক মান মাহমুদ ফাহদ জানান, হামলার পর পাঁচজনকে তাদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চারজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। নিহতদের মাথা ও বুকে গুরুতর গুলির আঘাত ছিল।

হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। হোমস অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাসেম মোহাম্মদ শাবান জানান, হামলাকারীদের শনাক্ত এবং ঘটনার উদ্দেশ্য জানতে তদন্তকারীরা আলামত সংগ্রহ করছেন। দায়ীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন তিনি।

শাবান বলেন, এই হামলাকে হোমসের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা হিসেবে দেখছে কর্তৃপক্ষ। তিনি বলেন, অপরাধীদের জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে দেওয়া হবে না।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি এবং সিরীয় কর্তৃপক্ষও কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেনি। হামলার উদ্দেশ্যও এখনো স্পষ্ট নয়।

২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। এর মধ্যেই দামেস্ক ও আশপাশের এলাকায় বাসে বিস্ফোরণ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলাসহ বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটেছে।