সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-শহরের শাহেদনগর বেপারীপাড়া মহল্লার মৃত পানু ব্যাপারীর ছেলে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি মো. খোকন বেপারী (৪৮), চর রায়পুর ওয়াবদা মহল্লার মৃত হবিবুর রহমান শেখের ছেলে ১৩ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহ আলম (৫৩) এবং সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর কড্ডা গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসেন (৫০)।
পুলিশ জানায়, বুধবার রাতে পৌর এলাকার শাহেদনগর বেপারীপাড়া, চর রায়পুর ওয়াবদা ও সয়দাবাদ ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের ধারাবাহিক অভিযান চলছে।
তিনি আরও জানান, নভেম্বর মাসের ১ থেকে ১২ তারিখ পর্যন্ত সদর থানা পুলিশের অভিযানে এ পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।


