সিরাজগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল বের করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-সিরাজগঞ্জ পৌরসভার দিয়ারধানগড়া এলাকার মৃত সোলেমান শেখের ছেলে মো. বাতেন শেখ (৪০), জানপুর এলাকার মৃত জমশের আলী শেখের ছেলে মো. মাহবুবুল আলম (৪২), দিয়ারধানগড়া এলাকার মো. আরিফ শেখের ছেলে নাবিল শেখ (২১), বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল গ্রামের মো. আশরাফুল আলমের ছেলে মো. ইমরান শেখ (২৫), একই গ্রামের মৃত আব্দুল কাদের শেখের ছেলে মো. আতিকুর রহমান (৪৬) এবং একই ইউনিয়নের খাগা গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে মো. আল আমিন (৩৯)।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিল বের করার খবর পেয়ে সদর থানা পুলিশ অভিযান শুরু করে। পরে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। একই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


