...|...|...

অর্থনীতি

সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে আইন শিথিল

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৯ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৫
Shares
সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে আইন শিথিল

ছবি: সংগৃহীত

খেলাপি ঋণের দায় থাকা সত্ত্বেও সিটি গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানকে নতুন করে ৩ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার বিশেষ সুযোগ তৈরি করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত এ বিশেষ অর্থায়নের সুযোগ কার্যকর থাকবে।

প্রথম ধাপে আটটি ব্যাংকের মাধ্যমে সিটি গ্রুপকে ১ হাজার ৭০০ কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে। বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে শর্তসাপেক্ষে বিশেষ ঋণ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণের অর্থ চলতি মূলধন হিসেবে ব্যবহারের সুযোগ পাবে প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংক কোম্পানি আইনের ২৭কক (৩) ধারায় থাকা বিধিনিষেধ শিথিল করে এ অর্থায়নের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে ঋণখেলাপি অবস্থায় থাকা সত্ত্বেও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সিটি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান নতুন করে ঋণ সুবিধা পাবে।

তবে এ ঋণ দেওয়ার ক্ষেত্রে অর্থায়নকারী ব্যাংকগুলোর জন্য বেশ কিছু শর্ত নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঋণ প্রদানকারী ব্যাংকগুলো এ অর্থায়নের বিপরীতে সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না। অর্থাৎ ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হলে তার দায় কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের ওপর বর্তাবে না। ঋণের ঝুঁকি বহন করতে হবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে।

এ ছাড়া এ ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক রাখতে পারবে না সিটি গ্রুপ। ফলে প্রচলিত ঋণ ব্যবস্থায় জামানত হিসেবে সম্পত্তি বন্ধক রাখার যে প্রচলন রয়েছে, এ ক্ষেত্রে সেই শর্ত রাখা হয়নি।

তবে ঋণের অর্থ ব্যবহারের পর তা আদায়ের প্রক্রিয়া নিশ্চিত করতে বিক্রয়লব্ধ অর্থের একটি অংশ নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখার শর্ত দেওয়া হয়েছে। অর্থাৎ ঋণের অর্থ দিয়ে কেনা পণ্য বিক্রি হলে সেই বিক্রির টাকা থেকে নির্ধারিত অংশ ওই হিসাবে জমা রাখতে হবে। এর মাধ্যমে ঋণদাতা ব্যাংকগুলো নিয়মিত কিস্তি আদায়ের সুযোগ পাবে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, সিটি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান এ বিশেষ ঋণ সুবিধার আওতায় আসছে। প্রতিষ্ঠানগুলো হলো- সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ, সিটি এডিবল অয়েল, সিটি ডাল মিলস ও শম্পা ফ্লাওয়ার মিলস।

প্রথম ধাপে ১ হাজার ৭০০ কোটি টাকা ঋণ দেওয়ার মাধ্যমে অর্থায়ন কার্যক্রম শুরু হচ্ছে। পরবর্তী সময়ে নির্ধারিত শর্ত ও সময়সীমার মধ্যে বাকি অর্থায়নের সুযোগও থাকছে। সব মিলিয়ে পাঁচ প্রতিষ্ঠানের জন্য ঋণ সুবিধার পরিমাণ দাঁড়াবে ৩ হাজার কোটি টাকা।

এ সিদ্ধান্তের ফলে সিটি গ্রুপের প্রতিষ্ঠানগুলো চলতি মূলধন সংগ্রহের সুযোগ পাবে। তবে জামানত ছাড়াই এ ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনা এবং ঋণ আদায়ের প্রক্রিয়া কতটা কার্যকর হয়, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়।