...|...|...

রাজনীতি

সাবেক মন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪১ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪২
Shares
সাবেক মন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগে করা মামলার তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। দুদকের আইনজীবী মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে করা আবেদনে দুদকের তদন্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া উল্লেখ করেন, ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে নির্ধারিত সময় পার হওয়ার পরও নির্ধারিত ছকে সম্পদের বিবরণী কমিশনে জমা না দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং ওই সম্পদ অবৈধভাবে নিজ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

দুদক জানায়, এসব অভিযোগে গত বছরের ৪ জুন ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আবেদনে আরও বলেন, তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মামলার সংশ্লিষ্ট ব্যক্তি গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করে বিদেশে চলে গেলে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে জটিলতা তৈরি হতে পারে। এতে তদন্ত কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে ২০২৪ সালের ২৯ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।