টালিউডে দীর্ঘ ক্যারিয়ারের পর ‘বহুরূপী’ সিনেমা যেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের ভাগ্যই বদলে দিয়েছে। এতদিন একই ধরনের চরিত্রে অভিনয়ের পরিচিতি থাকলেও, এই ছবিতে ‘ঝিমলি’ চরিত্রে তার অনবদ্য অভিনয় সবাইকে তাক লাগিয়ে দেয়।
এর আগে ‘কেলোর কীর্তি’, ‘গার্লফ্রেন্ড’, ‘তোমাকে চাই’ কিংবা ‘পারবো না আমি ছাড়তে তোকে’র মতো বাণিজ্যিক সিনেমায় অভিনয় করলেও বড় সাফল্যের দেখা পেতে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছে তাকে। তবে ২০২৪ সালে ‘বহুরূপী’র পর সম্প্রতি দুর্গাপূজায় মুক্তি পাওয়া ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন তিনি।
এত দেরিতে জনপ্রিয়তা পাওয়া এবং তা ধরে রাখার আসল রহস্য কী,সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই খোলাসা করেছেন অভিনেত্রী।
অভিনেত্রীকৌশানি জানান, তিনি নিজের জীবনে সবসময় একটি মাত্র মন্ত্র মেনে চলেন, আর তা হলো,ধৈর্য। ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় কাটিয়েও নিজেকে প্রমাণ করার সুযোগ পেতে তাকে বেশ লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। তবে কখনোই তিনি হাল ছেড়ে দেননি।
অভিনেত্রীর ভাষ্যমতে, দীর্ঘ প্রতীক্ষার পরই কেবল তিনি তার পছন্দের ও স্বপ্নের পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি বলেন, ‘আমার মতে জনপ্রিয়তা ধরে রাখার একমাত্র ওষুধ হলো ধৈর্য। তোমাকে ধৈর্য ধরতেই হবে। আমি নিজে দেখেছি এতগুলো বছর অপেক্ষা করার পর অবশেষে আমার প্রিয় চরিত্র বা স্বপ্নের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি।’
তিনি আরও যোগ করেন, ‘আমাকে আজকের এই অবস্থানের জন্য অনেক অপেক্ষা করতে হয়েছে এবং এই অপেক্ষাই হলো আমার জীবনের আসল সংগ্রাম। হয়তো আমাকে প্রতিটি পরিচালকের দ্বারে দ্বারে গিয়ে অডিশন দিতে হয়নি, কিন্তু এই দীর্ঘ অপেক্ষাই আমার জীবনের একমাত্র স্ট্রাগল।’


