সাইবার হামলা বা চুরির অভিযোগে ১৭ ইরানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, ইরানভিত্তিক ‘মাবনা ইনস্টিটিউট’-এর ১৭ জন সদস্যের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিদেশে শত শত বিশ্ববিদ্যালয়, কোম্পানি ও সরকারি সংস্থাকে লক্ষ্য করে চালানো একটি সাইবার অভিযানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
প্রসিকিউটররা জানিয়েছেন, এই দলটি ১৪৪টি মার্কিন বিশ্ববিদ্যালয়, ১৭৮টি বিদেশি বিশ্ববিদ্যালয়, ডজন ডজন কোম্পানি এবং বেশ কয়েকটি মার্কিন সরকারি সংস্থায় অনুপ্রবেশ করে ৩১ টেরাবাইটেরও বেশি একাডেমিক ডেটা এবং বুদ্ধিবৃত্তিক সম্পত্তি (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) চুরি করেছে।
এক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে যে, এই সাইবার অনুপ্রবেশের ঘটনার একটি বড় অংশ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং অন্যান্য ইরানি সরকারি ও বিশ্ববিদ্যালয়ের ক্লায়েন্টদের হয়ে চালানো হয়েছিল।
উল্লেখ্য, অভিযুক্ত ১৭ জনের মধ্যে ৯ জনের বিরুদ্ধে এর আগে ২০১৮ সালেই অভিযোগ আনা হয়েছিল। আর সর্বশেষ এই নতুন অভিশংসন বা ইন্ডিক্টমেন্টে আরও আটজন আসামিকে যুক্ত করা হয়েছে।
সূত্র: আল জাজিরা

