...|...|...

বিনোদন

সাংবাদিকদের প্রতিবাদের মুখে বাদ পড়লেন পরীমনি

মোঃ আরাফাত চৌধুরী
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫০ | আপডেট: ৭ নভেম্বর ২০২৬, রাত ৮:১০
Shares
সাংবাদিকদের প্রতিবাদের মুখে বাদ পড়লেন পরীমনি

ছবি: সংগৃহীত

সমালোচিত চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে চট্টগ্রামে। সম্প্রতি এক সাংবাদিককে প্রকাশ্যে গালাগাল ও অপদস্থ করার ঘটনায় ক্ষুব্ধ চট্টগ্রামের সাংবাদিক সমাজ। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরীমনির অংশ নেওয়ার কথা থাকলেও সাংবাদিকদের প্রতিবাদের মুখে তাকে অনুষ্ঠান থেকে বাদ দিয়েছেন আয়োজকরা।

জানা গেছে, গতকাল পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে চট্টগ্রামের CFVA-এর একটি অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লিখেছিলেন, "দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।" ওই পোস্টারের মধ্যমণি হিসেবে দেখা যায় পরীমনির ছবি।

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। এতে পরীমনির অংশ নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে প্রতিবাদ শুরু হয়। বিশেষ করে চট্টগ্রামে কর্মরত পেশাদার সাংবাদিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একজন সাংবাদিককে প্রকাশ্যে অপদস্থ করার পর সেই বিতর্কিত নায়িকাকে চট্টগ্রামের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় পুরো আয়োজন বয়কট ও প্রতিহত করার ঘোষণা দেন চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠনের নেতারা।

এই প্রতিবাদের মুখে আয়োজক সংস্থা তাদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে পরীমনির ছবি বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেছেন আয়োজকরা।

অনুষ্ঠানটির আয়োজকদের একজন গণমাধ্যমকে বলেন, ঢাকা আদালত প্রাঙ্গনে সাংবাদিকের সাথে ঘটনাটির অনেক আগেই শিল্পীর (পরীমনি) সাথে চুক্তি হয়েছিল আয়োজক কমিটির। তবে গণমাধ্যম কর্মীকে অসম্মান করার কারণে এবং চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকদের প্রতিবাদের মুখে আয়োজক কমিটি গণমাধ্যম কর্মীদের দাবির সমর্থন জানিয়ে এই ইভেন্ট থেকে পরীমনিকে বাদ দিয়েছে।