...|...|...

রাজনীতি

সহিংসতার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভের ডাক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১০
Shares
সহিংসতার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভের ডাক

ছবি: সংগৃহীত

চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচিতে সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের নিজেদের মতো কর্মসূচি পালনের তাগিদও দেন তিনি।

গণভোটের প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করার কারণে দেশে আজ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। ৭০ ভাগ মানুষের রায় অস্বীকার করার কারণে ফ্যাসিবাদবিরোধী জনতা সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না।

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় যা হচ্ছে, একটি নির্বাচিত সরকারের আমলে এসব ঘটনা কাম্য নয়।

পার্শ্ববর্তী দেশের ভূমিকা নিয়েও সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে প্রথম অপরাধ করেছে। এখন বলছে, তাকে ফেরত পাঠাতে সামরিক বিমান পাঠাতে হবে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দেশের সাম্প্রতিক ঘটনায় দেশবাসীর মতো আমরাও উদ্বিগ্ন। পুলিশের ওপর হামলা হচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন না। দেশে সরকার আছে বলে মনে হচ্ছে না। গোপালগঞ্জ, মাদারীপুর যে দেশের একটা অংশ, এটা মনে হচ্ছে না।

তিনি আরও বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমালের রক্ষায় রাষ্ট্রপতির ভূমিকা জরুরি।

প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসরদের অবস্থান রয়েছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, প্রশাসন থেকে শুরু করে সরকারি সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে, তাদের চিহ্নিত করে শক্তভাবে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।