সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামো প্রকাশ করা হয়েছে। এতে নিয়মিত সৈনিকদের প্রারম্ভিক মূল বেতন ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, জেনারেল পদমর্যাদার সার্ভিস চিফের মূল বেতন দ্বিগুণ করে ১ লাখ ৭২ হাজার টাকা করা হয়েছে।
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুসরণ করে গত ১৪ নভেম্বর জারি করা জয়েন্ট সার্ভিসেস ইনস্ট্রাকশনস (জেএসআই) ০১/২০২৬-এ নতুন বেতন কাঠামোর বিষয়টি উল্লেখ করা হয়েছে। পরে ১৫ নভেম্বর এটি বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।
৮৪ পৃষ্ঠার গেজেট অনুযায়ী, নিয়মিত সৈনিকদের মূল বেতন ১৯টি ধাপে নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামোয় তাদের মূল বেতন সর্বনিম্ন ২১ হাজার ৪০০ টাকা থেকে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত হবে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কনস্ট্যাবুলারিতে (এমওডিসি) কর্মরত সৈনিকদের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার টাকা।
নতুন বেতন কাঠামোয় বিভিন্ন পদমর্যাদার সদস্যদের প্রারম্ভিক মূল বেতনও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ল্যান্স করপোরালের ২৩ হাজার ৫০০ টাকা, করপোরালের ২৪ হাজার টাকা, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের ৪৫ হাজার টাকা।
এছাড়া অনারারি লেফটেন্যান্টদের জন্য ৭৬ হাজার ৯৬০ টাকা এবং অনারারি ক্যাপ্টেনদের জন্য ৮৫ হাজার ৭৮০ টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে।
যেভাবে কার্যকর হবে নতুন বেতন
নতুন বেতন কাঠামো একবারে কার্যকর হচ্ছে না। ধাপে ধাপে এর বাস্তবায়ন করা হবে।
২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যোগ্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। অন্যদিকে, সৈনিক, সার্জেন্ট ও নির্দিষ্ট নিম্নপদস্থ সদস্যদের ক্ষেত্রে এই হার হবে ৫০ শতাংশ।
পরবর্তী ধাপে ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য এই হার ৭০ শতাংশ এবং সৈনিকসহ নির্দিষ্ট নিম্নপদস্থ সদস্যদের জন্য ৭৫ শতাংশ করা হবে।
সবশেষে ২০২৭ সালের ১ জুলাই থেকে সংশোধিত মূল বেতনের শতভাগ কার্যকর হবে। তবে নির্ধারিত শতাংশ হিসাব করা হবে বিদ্যমান মূল বেতনের তুলনায় বাড়তি অংশের ওপর।
ভাতা ও পেনশনে যেসব পরিবর্তন
নতুন কাঠামো অনুযায়ী, বিদ্যমান ভাতার ব্যবস্থা সাধারণভাবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। সংশোধিত ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
এতে বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি যোগ্য সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে।
এছাড়া নির্দিষ্ট স্থাপনায় কর্মরত যোগ্য কর্মকর্তারা মাসে ২ হাজার টাকা প্রতিরক্ষা ঝুঁকি ভাতা পাবেন। নির্ধারিত হাওর, দ্বীপ ও চরাঞ্চলে কর্মরত কর্মকর্তাদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা নির্ধারণ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে সর্বোচ্চ ভাতার পরিমাণ হবে ৫ হাজার টাকা।
অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য ন্যূনতম নিট মাসিক পেনশন নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।


