চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি ও অতিরিক্ত সার মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে মেসার্স ইসলাম ট্রেডার্স নামে একটি খুচরা সার ডিলারের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানটিতে ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা টিএসপি সার মজুদ পাওয়া যায়।
অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় দোকানের মালিক মো. নুর ইসলাম (৫০), পিতা মো. নুরফস আলীকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে উদ্ধার করা সারগুলো সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করতে ঝিলিম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় সদর উপজেলা কৃষি বিভাগ ও সদর মডেল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।


