...|...|...

সারাদেশ

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের দাবিতে আদিবাসীদের বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১৩
Shares
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের দাবিতে আদিবাসীদের বিক্ষোভ

দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহাল, পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ‘বর্গা শিক্ষক’ প্রথা বন্ধ, শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়ম বন্ধসহ ছয় দফা দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)।

৬৪তম মহান শিক্ষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা জিমনেসিয়াম চত্বর থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি সুমন চাকমা। এতে বক্তব্য দেন পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অন্তর চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা কমিটির সভাপতি কবিতা চাকমা, অ্যাডভোকেট দীপন চাকমা এবং রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী মেরিন ত্রিপুরা। স্বাগত বক্তব্য দেন পিসিপির সাংগঠনিক সম্পাদক সজল চাকমা।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ের শিক্ষা ব্যবস্থা নানা সংকটে রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকায় বিকল্প বা ‘বর্গা শিক্ষক’ দিয়ে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। এতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, রাঙামাটিসহ পার্বত্য এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট, প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ঘাটতি ও অবকাঠামোগত সমস্যার কারণে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়েও জটিলতা রয়েছে।

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে বক্তারা বলেন, অতীতে জেলা পরিষদের মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। বর্তমানে নতুন পরিষদ দায়িত্ব নিয়েছে। নতুন পরিষদও যদি আগের মতো শিক্ষক নিয়োগে অনিয়ম করে, তাহলে ছাত্রসমাজ ও পাহাড়ের সচেতন মানুষ তা মেনে নেবে না।

তারা বলেন, পাহাড়ের শিক্ষা ব্যবস্থার সংকট নিরসনে সরকারের পাশাপাশি পার্বত্য জেলা পরিষদকে কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শিক্ষা উপকরণ সরবরাহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা জরুরি।

সমাবেশে বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন, পাহাড়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন, ‘বর্গা শিক্ষক’ প্রথা বন্ধ, পর্যাপ্ত শিক্ষা উপকরণ সরবরাহ ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবি জানান।

একই সাথে দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে আদিবাসী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহাল ও নিশ্চিত করা এবং জাতীয় পাঠ্যপুস্তকে আদিবাসীদের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয় উপস্থাপনে বিকৃতি বন্ধের দাবি জানান তারা।

পরে পিসিপির পক্ষ থেকে ছয় দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর প্রদান করা হয়।