জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশনেও এই নির্দেশনা কার্যকর থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত পরিপত্রে বলা হয়েছে, দিবসটি উপলক্ষে সব সরকারি অফিস, আধা-সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
দিবসটির প্রাতিষ্ঠানিক গুরুত্ব বিবেচনায় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ নভেম্বর দেশজুড়ে সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত সরকারি নির্দেশিকায় দিনটিকে আনুষ্ঠানিকভাবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে প্রতিবছর নিয়মিতভাবে ৭ নভেম্বর জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।
দিবসটির ঐতিহাসিক তাৎপর্য বিবেচনা করে রাষ্ট্রীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় তা উদ্যাপনের জন্য জাতীয় কর্মসূচির পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও নানা প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সাধারণ ছুটি ও পতাকা উত্তোলনের এই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

