কয়েক মাসের দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও দীর্ঘমেয়াদি ঊর্ধ্বগতির পথে ফিরতে পারে। অতীতের বাজারচক্র বিশ্লেষণ করে এক বিশেষজ্ঞের পূর্বাভাস, ২০৩০ সালের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০ হাজার ডলার বা তারও বেশি হতে পারে। ডলারের বিনিময় হার ও স্থানীয় বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় পাঁচ লাখ টাকায় পৌঁছাতে পারে।
শনিবার (২৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) আর্থিক বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট এফএক্সএম্পায়ারে প্রকাশিত এক বিশ্লেষণে এমন পূর্বাভাস দিয়েছেন বাজার বিশ্লেষক এজি থরসন। তার মতে, গত ২৫ নভেম্বর স্বর্ণের দীর্ঘদিনের দরপতনের অবসান ঘটে ।
থরসনের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে স্বর্ণের দামে বড় ধরনের উত্থান শুরু হয়, যা ১০৪ কার্যদিবস স্থায়ী হয়েছিল। এরপর ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত চলা দরপতনও স্থায়ী হয় ঠিক ১০৪ কার্যদিবস।
সর্বশেষ দরপতনের ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা গেছে। গত জুনের শেষ দিকের সর্বনিম্ন অবস্থান থেকে ঠিক ১০৪ কার্যদিবস পর ২৫ নভেম্বর স্বর্ণের দাম আবারও সম্ভাব্য সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।
বাজারচক্রের এই ধারাবাহিক মিলের ভিত্তিতে থরসন মনে করছেন, দীর্ঘদিনের দরপতন কাটিয়ে স্বর্ণের বাজারে নতুন করে ঊর্ধ্বগতি শুরু হতে পারে।
২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকট-পরবর্তী বাজার পরিস্থিতির সাথে তুলনা করে তিনি জানান, ২০২৬ সালের এই দরপতন স্বর্ণের ছয় বছরব্যাপী দীর্ঘমেয়াদি ঊর্ধ্বগতির মধ্যবর্তী পর্যায় হতে পারে। সেই হিসাবে ২০৩০ সাল নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম ১০ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে।


