...|...|...

বরিশাল

সব নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: সারজিস আলম

বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪৪ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৭
Shares
সব নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: সারজিস আলম

সাংবাদিকদের সাথে আলাপ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভবিষ্যতে সব নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও সারা দেশে দলটির নিজস্ব প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরগুনায় এনসিপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও কার্যক্রম জোরদারের লক্ষ্যে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম জানান, ইতোমধ্যে দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পাঁচটি সিটি করপোরেশনেও প্রার্থী ঘোষণা করেছে দলটি। চলতি মাসের মধ্যেই আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশে প্রায় ৪ হাজার ৬০০টি ইউনিয়ন রয়েছে। এসব ইউনিয়নের চেয়ারম্যান পদে এনসিপি-সমর্থিত প্রার্থী ঘোষণা করার লক্ষ্যে কাজ চলছে এবং আগামী নভেম্বরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সারজিস আলম। তিনি বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মন্তব্য করার পাশাপাশি সরকারের কর্মকাণ্ড এবং দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন।

তিনি দাবি করেন, দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় বিরোধী দলগুলোর মতামত ও পরামর্শ যথাযথভাবে নেওয়া হচ্ছে না। এ পরিস্থিতির প্রতিবাদে এনসিপিসহ বিভিন্ন বিরোধী দল লংমার্চ কর্মসূচি পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।

সারজিস আলম আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

বরগুনায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এ সভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।