...|...|...

সারাদেশ

বিরোধীদল সম্পর্কে এ্যানি

সংসদে সুন্দর কথা, বাইরে ৭১ এর রূপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:২০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৫৮
Shares
সংসদে সুন্দর কথা, বাইরে ৭১ এর রূপ

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সংসদে বিরোধীরা সুন্দর সুন্দর কথা বললেও বাইরে গিয়ে তাদের আচরণ ভিন্ন রূপ ধারণ করে। সরকারের দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে এমন কোনো দিন নেই, যেদিন তারা প্রতিবাদ, আন্দোলন বা কর্মসূচির হুঁশিয়ারি দেননি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত র‌্যালির শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর জেলা বিএনপির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে সদর উপজেলা, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ্যানি বলেন, ‘যারা স্লোগান দিচ্ছেন-গ্যাস নাই, বিদ্যুৎ নাই এই কথা বলে লংমার্চ করছেন, তাদের এই লংমার্চ এখন কতটুকু যৌক্তিক? যেদিন আমরা শপথ নিয়েছি, সেদিন তারা উপস্থিত ছিলেন না। প্রথম দিন থেকে এই ছয় মাস পর্যন্ত এমন কোনো দিন নেই, যেদিন তারা আন্দোলন বা কর্মসূচির হুঁশিয়ারি দেননি।’

তিনি বলেন, ‘সংসদে কিছু সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু বাইরে হলে তাদের চেহারা স্বাধীনতার সময়, ৭১ এর সময়ের রূপ ধারণ করে।’

সরকারের ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে সমালোচনার জবাবে পানিসম্পদ মন্ত্রী বলেন, মাত্র ছয় মাসে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। একটি ধ্বংসস্তূপের মধ্যে সরকার দায়িত্ব নিয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ নানা সমস্যা সমাধানে সময় প্রয়োজন।

এ্যানি বলেন, ‘ছয় মাসেই সব কাজ করে ফেলবেন, এটা কি আসলেই সম্ভব? একটা ধ্বংসস্তূপের মধ্যে আমরা দায়িত্ব নিয়েছি। তুষের আগুনের মধ্যে এখনো জ্বলছি। ইচ্ছা করলেই ছয় মাসের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব নয়।’

তিনি আরও বলেন, গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন। তবে এসব সমস্যা সমাধানে সরকারকে আরও সময় দিতে হবে।

বিরোধী রাজনৈতিক নেতাদের বক্তব্যের সমালোচনা করে এ্যানি বলেন, সংসদে রাজনৈতিক শিষ্টাচারের কথা বলা হলেও বাইরে বিভিন্ন নেতার বক্তব্যে অশালীন ও ব্যক্তিগত আক্রমণের প্রবণতা দেখা যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ও অশালীন মন্তব্য করা হলেও বিরোধী জোটের নেতারা তা বন্ধে কার্যকর ভূমিকা রাখেননি।

এ্যানি বলেন, ‘রাজনীতির মাঠে যারা ফ্যাসিবাদের মতো আচরণ করতে চান, তাদের মধ্যেই এ ধরনের বক্তব্য দেখা যায়। রাজনীতিতে যায় না, সমাজে যায় না-এমন অশালীন ও বিবেকবর্জিত বক্তব্য প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং সদর (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকনসহ স্থানীয় নেতারা।