...|...|...

জাতীয়

সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, রাত ৮:৫০ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, রাত ৮:৫১
Shares
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশে পতিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে প্রয়োজন, দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো এক মঞ্চে এসে দাঁড়ানো।’ সন্ত্রাসীরা বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী উল্লেখ করে তিনি বলেন, তাদের এই বেপরোয়া কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মনোভাব স্পষ্ট। তারা বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের সঙ্গে নয়, বরং সন্ত্রাসীদের পক্ষেই রয়েছে।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে এবং ২০২৪ সালে হাজারো প্রাণের রক্তের বিনিময়ে দেশের মানুষ স্বাধীনতা রক্ষা করেছে। কারও বশ্যতা স্বীকার করার জন্য এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ বা গণঅভ্যুত্থান করেনি। সংসদ ও সংসদের বাইরে থাকা সব গণতান্ত্রিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।’

তারেক রহমান আরও বলেন, ‘মাননীয় স্পিকার, তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলে বলি, যে আওয়াজ আজ থেকে তিন দশক আগে দেশনেত্রী খালেদা জিয়া তুলেছিলেন।’

তিন দশক আগের সেই ঐতিহাসিক স্লোগান স্মরণ করে তিনি বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এটাই হোক আজকের অধিবেশনের শেষ শপথ, শেষ প্রত্যাশা। আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও স্বাধীন-সার্বভৌম সংসদ আমরা রক্ষা করব। বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে আমরা সঁপে দেব না।’

যারা গোলামি করতে চায়, সেই অপশক্তিকে এ দেশের জনগণ আর কখনো মাথা তুলে দাঁড়াতে দেবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাথা তুলে দাঁড়ানোর আগেই গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।