...|...|...

জাতীয়

মালয়েশিয়ায় ২ লাখ টাকায় কর্মী পাঠানো যাবে: প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, রাত ৮:১৮ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, রাত ৮:৫১
Shares
মালয়েশিয়ায় ২ লাখ টাকায় কর্মী পাঠানো যাবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

স্বল্প খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মীদের মধ্যে এক হাজার জন থাকবেন বিগত সরকারের আমলে গুম-খুনের শিকার এবং চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ ও হতাহত পরিবারের সদস্যরা। মালয়েশিয়াগামী প্রত্যেক কর্মীর মোট ব্যয় যাতে সর্বোচ্চ ২ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, তা নিশ্চিত করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে সরকারপ্রধান এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে যে জটিলতা ছিল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সফল আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব হয়েছে। প্রায় বিনা খরচে অর্থাৎ সামান্য কিছু আনুষঙ্গিক ব্যয়ের মাধ্যমে এই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। এর মধ্যে গুম-খুন ও জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো থেকে এক হাজার জনকে পাঠানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পশ্চিম এশিয়ার অন্যান্য দেশেও যাতে কর্মীরা কম খরচে যেতে পারেন, সে প্রক্রিয়া চলমান রয়েছে।

বিদেশে কর্মী প্রেরণে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচারের আমলে সিন্ডিকেট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। এই সিন্ডিকেটের কারণেই কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া প্রায় বন্ধ বা স্থগিত রেখেছিল। মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎকারী এসব সিন্ডিকেট চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার
অধিবেশনে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের হালনাগাদ চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০২৪ সালের ৮ আগস্ট সাপ্তাহিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে।

এর আগে বিকেল সোয়া চারটায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। গত ৯ নভেম্বর শুরু হওয়া সংসদের এই সংক্ষিপ্ত চতুর্থ অধিবেশন আজ প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হচ্ছে।