...|...|...

রাজনীতি

শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে: গোলাম পরওয়ার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৮
Shares
শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহিদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

গোলাম পরওয়ার বলেন, দেশের শিল্পমালিকরা প্রায়ই বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে’। কথাটি সত্য, তবে শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। শ্রমিকদের ন্যূনতম অধিকার, দুবেলা খাবার ও অসুস্থতার সময় চিকিৎসার নিশ্চয়তা দিতে পারে না, এমন শ্রমনীতি প্রত্যাখ্যান করে ন্যায়-ইনসাফভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।

জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিলেও জুলাই সনদ বাস্তবায়ন না করা সরকারই ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায় সংসদীয় আসনের সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রত্যাখ্যান করা যায় না। জাতীয় ঐক্য চাইলে সরকারকে গণভোটের রায় মেনে নিতে হবে।

চট্টগ্রাম বন্দরের বিষয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। সরকারের দায়িত্বশীল পদে থাকা কারও কারও এসব ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগও করেন তিনি। দেশের স্বার্থ উপেক্ষা করে বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হলে জনগণ তা মেনে নেবে না। দেশের সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।