শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে দেশের সবকিছু উজাড় করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ক্ষমতার মসনদে টিকে থাকতে গিয়ে দেশের সার্বভৌমত্বকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। জনগণকে উপেক্ষা করে শুধু ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা এত রক্ত ঝরিয়েছেন।
শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে রিজভী বলেন, রিমান্ড, গুম ও খুনসহ এমন কোনো অপকর্ম নেই যা তার আমলে হয়নি। বিশ্বের অন্য কোনো শাসকের সঙ্গে শেখ হাসিনার তুলনা চলে না।
তিনি বলেন, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিতেও শেখ হাসিনা কুণ্ঠাবোধ করেননি। এর ফলে জনগণের ওপর চরম অত্যাচার চালানো হয়েছে এবং বহু মানুষের রক্ত ঝরেছে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে রিজভী বলেন, ‘ফেরারি পাখিরা কখনো ফিরে আসে না, শেখ হাসিনাও আর ফিরতে পারবেন না।’
তিনি আরও বলেন, নিজেদের মধ্যে ঐক্যের অভাব থাকলে ফ্যাসিবাদ অন্য কোনো রূপে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, জুলাইয়ের শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে হবে।
তিনি বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোয়ালিটি এডুকেশন, আনন্দময় শিখন বা লার্নিং উইথ হ্যাপিনেস, ভাষা শেখা এবং দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তি শিক্ষাব্যবস্থায় যুক্ত করে শিক্ষার্থীদের কল্যাণে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও কাজ চলছে।


